জোনাকিরা- আহসান হাবীব

তারা- একটি দু’টি তিনটি করে এলো  
 তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া  
 বইছে এলোমেলো,  
 তারা- একটি দু’টি তিনটি করে এলো।  
 থই থই থই অন্ধকারে  
 ঝাউয়ের শাখা দোলে  
 সেই- অন্ধকারে শন শন শন  
 আওয়াজ শুধু তোলে।  
 ভয়েতে বুক চেপে  
 ঝাউয়ের শাখা, পাখির পাখা  
 উঠছে কেঁপে কেঁপে।  
 তখন- একটি দু’টি তিনটি করে এসে  
 এক শো দু শো তিন শো করে  
 ঝাঁক বেঁধে যায় শেষে!  
 তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,  
 বললে ও ভাই পাখি,  
 অন্ধকারে ভয় পেয়েছো নাকি?  
 যখন- বললে, তখন পাতার ফাঁকে  
 কী যেন চমকালো।  
 অবাক অবাক চোখের চাওয়ায়  
 একটুখানি আলো।  
 যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে  
 সবাই দলে দলে  
 তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়  
 হীরে-মানিক জ্বলে।  
 যখন- হীরে-মানিক জ্বলে  
 তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া  
 চমকে গিয়ে বলে-  
 খুশি খুশি মুখটি নিয়ে  
 তোমরা এলে কারা?  
 তোমরা কি ভাই নীল আকাশের তারা?  
 আলোর পাখি নাম জোনাকি  
 জাগি রাতের বেলা,  
 নিজকে জ্বেলে এই আমাদের  
 ভালোবাসার খেলা।  
 তারা নইকো- নইকো তারা  
 নই আকাশের চাঁদ  
 ছোট বুকে আছে শুধুই  
 ভালোবাসার সাধ। 
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url